সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার বুড়িচং উপজেলায় সাংবাদিক মহি উদ্দিন সরকার নাঈম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ প্রেস ক্লাব। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নেয়।

বক্তারা বলেন, নাঈম হত্যাকা-ে জড়িত আসামিদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানান তারা।

ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, কালের কণ্ঠ পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি এম সাইফুল মাবুদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোয়ার্দ্দার, বাংলাদেশ পোস্ট পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি দেলোয়ার কবীর, ঝিনাইদহ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীম, সাংবাদিক শারমিন আরা, হরিণাকু-ু প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু প্রমুখ।