এক ঝলকে

মিস্টার বিনের নতুন সিরিজ

ব্রিটিশ কমেডি জায়ান্ট ‘মিস্টার বিন’খ্যাত রোয়ান অ্যাটকিনসনের নতুন সিরিজ আসছে নেটফ্লিক্সে। ‘ম্যান ভার্সেস বি’ নামের সিরিজটি অ্যাটকিনসনকে তার দীর্ঘদিনের সহযোগী উইলিয়াম ডেভিসের সঙ্গে ফের কাজ করার সুযোগ এনে দিল। তারা দুজনেই জনি ইংলিশ ট্রিলজিতে একসঙ্গে কাজ করেছেন। সিরিজটি পরিচালনা করছেন ডেভিড কের; যিনি ‘জনি ইংলিশ স্ট্রাইকস’ আবার পরিচালনা করেছেন। সেই সঙ্গে ‘ইনসাইড নং নাইন’, ‘ফ্রেশ মিট’, ‘দ্যাট মিশেল’ ও ‘ওয়েব লুক’-এর বেশ কিছু পর্ব নির্মাণ করেছেন। নেটফ্লিক্সের ‘ম্যান ভার্সেস বি’র গল্প বিস্তারিত জানা যায়নি। যেটুকু জানা গেছে তা হলোÑ একটি বিলাসবহুল প্রাসাদে এক ব্যক্তি মৌমাছির সঙ্গে যুদ্ধ করছেন। কে জিতবে আর এই প্রক্রিয়ায় কী পরিমাণ অপূরণীয় ক্ষতি হবে, তা দেখা যাবে এতে। ২০২১ সালের গ্রীষ্মে লন্ডনে ‘ম্যান ভার্সেস বি’র শ্যুটিং করা হয়। বেশির ভাগ শ্যুটিং হয়েছে বাকিংহ্যামশায়ারের আইলসবারিতে। এ ছাড়া হার্টফোর্ডশায়ারের বোভিংডনেও কিছু অংশের শ্যুটিং হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে ‘শহরে রোয়ান অ্যাটকিনসন আসার’ কথাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক বাসিন্দা ভিড় করেন প্রিয় অভিনেতাকে দেখতে। নেটফ্লিক্স জানিয়েছে, ‘ম্যান ভার্সেস বি’ ১০ পর্বের সিরিজ হবে; যার প্রতিটি পর্ব ১০ মিনিট করে চলবে। এটি অনেকটা মিস্টার বিনের মতো সংক্ষিপ্ত সময়ের হবে।  সিরিজটি ব্রিটেনের স্থানীয় সময় ২৪ জুন সকাল ৮টায় বিশ^ব্যাপী নেটফ্লিক্সে মুক্তি পাবে।

প্রথম দিনেই ১৩৪ কোটি

‘আরআরআর’-এর পর এবার বক্স অফিস কাঁপাচ্ছে দক্ষিণ ভারতের আরেক ছবি ‘কেজিএফ : চ্যাপ্টার ২’। ১৪ এপ্রিল মুক্তি পায় বহুল প্রত্যাশিত ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির এই ছবিটি। সুপারস্টার যশ অভিনীত অ্যাকশনধর্মী ‘কেজিএফ : চ্যাপ্টার ২’  মুক্তির প্রথম দিন আয় করেছে ১৩৪ কোটি রুপির বেশি। ‘আরআরআর’ কিংবা ‘বাহুবলী ২ ’-এর রেকর্ড ছুঁতে না পারলেও ভেঙেছে অন্য অনেক সিনেমার রেকর্ড। প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ : চ্যাপ্টার ২’ হিন্দি, কন্নড়, তেলুগু, তামিল, মালায়লাম মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে। হিন্দি ভাষায় সিনেমাটির সংগ্রহ প্রথম দিনে ৫৩ কোটি রুপির বেশি। হিন্দি বলয়ে এর উন্মাদনা চোখে পড়ার মতো। চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন যশ। এরই মধ্যে ইঙ্গিত মিলেছে, নির্মিত হবে সিনেমাটির তৃতীয় সংস্করণ। এর আগে ২০১৮ সালে মুক্তি পায় সিনেমার প্রথম কিস্তি ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’। সে সময় সিনেমাটি এতটাই দর্শকপ্রিয়তা পায় যে দ্বিতীয় কিস্তির অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমাপ্রেমীরা। ‘কেজিএফ’-এর কাহিনী মূলত ১৯৭০ থেকে ১৯৮০-র দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টার হওয়ার নানা কাহিনীকে ঘিরেই আবর্তিত এর চিত্রনাট্য, যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার যশ। আরও রয়েছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, রাবিনা ট্যান্ডন।