হরিণাকুন্ডুতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার শেখপাড়া বিন্নি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামের আলতাব হোসেন (৬৫), নাজমুল হাসান (২৮) ও মিলন হোসেন (৩৫)সহ ১০ জন।

হরিনাকুন্ডু থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেড়বিন্নি গ্রামের শহিদুল ও সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এক সপ্তাহ আগে দুপুরে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক বিজু আহমেদ ও বকুল হোসেনকে মারধর করে সিরাজুলের লোকজন।

এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হয় ১০ জন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।