ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত আলতাব হোসেন বিশ্বাস (৬৫) নামের একজন নিহত হয়েছেন।
রবিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আলতাব হোসেন বিশ্বাস ওই গ্রামের নকিব বিশ্বাসের ছেলে।
গ্রামবাসী জানায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেড়বিন্নি গ্রামের শহিদুলের ও সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এক সপ্তাহ আগে দুপুরে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক বিজু আহমেদ ও বকুল হোসেনকে মারধর করে সিরাজুলের লোকজন।
এরই জের ধরে রবিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।
তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতাল মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আক্তার জানান, হরিণাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামে থেকে মারামারিতে আহত হয়ে ৩ জন রোগী হাসপাতালে আসেন। এর মধ্যে আলতাব হোসেন বিশ্বাস মারা যান। ধারণা করা হচ্ছে মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, সকালে বেড়বিন্নি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে একজন মারা যান।
এ ঘটনায় রায়হান নামের একজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।