বয়স হয়ে গেছে ৩৬। জাতীয় দলের জার্সিতে তাকে সর্বশেষ দেখা গেছে তাও তিন বছর হতে চলল। তবে এখনো ভারতের হয়ে খেলার আশা ছাড়েননি দিনেশ কার্তিক।
তার সেই স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠেছে শনিবার আইপিএলে ৩৪ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলার পর। ফর্মে থাকা কার্তিকের ব্যাটে ভর করে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৬ রানের জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
যেখানে ইনিংসের শেষ ১৮ বলে ঝড় বইয়ে দেন কার্তিক। ব্যক্তিগত ৫ রানে সাজঘরে ফিরতে পারতেন এই উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু জীবন পেয়ে ইনিংসের ১৮তম ওভার করতে আসা মোস্তাফিজুর রহমানকে একের পর এক বাউন্ডারি ছাড়া করেন তিনি।
ওই ওভারে ৪ চার ও ২ ছয়ে ২৮ রান নেন সাতে ব্যাটিংয়ে নামা কার্তিক। আর মোস্তাফিজ ৪ ওভারে ৪৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। ফিজের করা এই ওভারটি বেঙ্গালুরুর জয়ের ভিত গড়ে দিয়েছে বলে মনে করেন দিল্লির অধিনায়ক-উইকেটরক্ষক ঋষভ পন্ত।
এমন ইনিংসের পর কার্তিকও স্বপ্ন দেখছেন ফের ভারতের হয়ে খেলার। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে তিনি বলেন, ‘আমার লক্ষ্যটা বড়। আমি খুব কঠোর পরিশ্রম করছি। ভারত দলের অংশ হওয়ার জন্য আমি সবকিছু করার চেষ্টা করছি।’
মুম্বাইয়ে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের ৫৫ এবং কার্তিকের ৬৬ রানের সুবাদে ১৮৯ রান করে আরসিবি। লক্ষ্য তাড়া করতে নামা দিল্লি থামে ৭ উইকেটে ১৭৩ রান নিয়ে। ৩৮ বলে ৬৬ করেও দলকে জেতাতে পারেননি ওপেনার ডেভিড ওয়ার্নার।