শেষ ওভারে কাশ্মীরি পেসারের অবিশ্বাস্য বোলিং, হায়দরাবাদের জয়

ইনিংসের শেষ ওভারে অবিশ্বাস্য বোলিং করলেন কাশ্মীরি পেসার উমরান মালিক। ওভারটিতে কোনো রান না দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।

শেষ তিন বলে তিন উইকেট নিয়ে করেন হ্যাটট্রিক। এর আগে দ্বিতীয় বলে নিজের প্রথম উইকেটটি নেন মালিক। চলতি আইপিএলের ২৮তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ ‍উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ সেরাও হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার।

রবিবার মুম্বাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে লিয়াম লিভিংস্টোনের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫১ রান করে পাঞ্জাব। ৩৩ বলে ৫ চার ও ৪ ছয়ে ৬০ রানের ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার।

জবাব দিতে নেমে ৭ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় তুলে নেয় হায়দরাবাদ। দুই অপরাজিত ব্যাটার এইডেন মার্করামের ৪১ ও নিকোলাস পুরানের ৩৫ রানের সুবাদে ৩ উইকেটে ১৫২ রান করে কেন উইলিয়ামসনের দল।

অবিশ্বাস্য বোলিংয়ে এক মাইলফলকেও পা রেখেছেন মালিক। আইপিএলে চতুর্থ বোলার হিসেবে ২০তম ওভারে মেইডেন ওভার করলেন তিনি। এর আগে এই অভিজাত ক্লাবে ছিল ইরফান পাঠান, লাসিথ মালিঙ্গা ও জয়দেব উনাডকাটের নাম।