কলহের জেরে স্বামীকে অপহরণ ‘টর্চার সেল’ থেকে উদ্ধার

সাটুরিয়া থেকে অপহরণের তিন দিন পর রেজাউল করিম (৩৪) নামে এক তরুণকে সাভারের একটি ‘কথিত’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করা হয়েছে। রেজাউলের স্ত্রী তানিয়া আক্তার গত বৃহস্পতিবার গাড়ি এবং লোক ভাড়া করে তার স্বামীকে অপহরণ করিয়ে ‘অপ্রকৃতিস্থ’ সাজিয়ে রাখার চেষ্টা করেন। রেজাউলকে উদ্ধারের সময় গ্রেপ্তার করা হয়েছে অপহরণের সঙ্গে জড়িত ছয়জনকে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম সংবাদ সম্মেলন করে জানান এসব তথ্য।

সাটুরিয়া থানায় করা অপহরণ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন সাভার ব্যাংক কলোনি এলাকার আতিকুল ইসলাম (৪২), ফরিদপুরের আলফাডাঙ্গার বরাইচ এলাকার নাসির আহম্মেদ (৩২), গাজীপুরের কাশিমপুর উপজেলার সারদাগঞ্জ এলাকার আবুল কাইয়ুম (৩২), সাভারের গেন্ডা এলাকার শহিদুল হক দিপু, ঢাকার বংশাল থানার চানখারপুল এলাকার সাজিদ হাসান বাবু (৪২) এবং সাভার থানার রাজাশন এলাকার আবদুল হাকিম (৫৫)।

সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম বলেন, অপহরণকারী সদস্যদের গত শনিবার রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অবস্থিত কথিত ‘আমার মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’ থেকে আটক করা হয়। তারা সবাই বিভিন্ন এলাকা থেকে লোক ধরে এনে নিরাময় কেন্দ্রে আটকে রেখে অত্যাচার করত এবং পরে মুক্তিপণ দাবি করত।

রেজাউল অপহৃত হওয়ার পরের দিন গত শুক্রবার তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।  

মামলার বিবরণী থেকে জানা যায়, সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের তানিয়া আক্তার (২৮) দাম্পত্য ঝগড়ার জেরে গত বৃহস্পতিবার বিকেলে উত্তর আয়নাপুর গ্রামের বাশার মেম্বারের বাড়ির সামনে থেকে স্বামী রেজাউল করিমকে কয়েকজন লোক লাগিয়ে একটি সাদা মাইক্রোবাস দিয়ে অপরহণ করিয়ে নিয়ে যান। পরদিন শুক্রবার রেজাউলের বাবা সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে গত শনিবার তথ্য-প্রযুক্তির সহায়তায় সাটুরিয়া থানার পুলিশ সাভারের ব্যাংক কলোনি এলাকায় অবস্থিত মাদকাসক্তি কেন্দ্র থেকে রেজাউলকে উদ্ধার এবং ছয়জনকে গ্রেপ্তার ও মাইক্রোবাসটি জব্দ করে।

ভুক্তভোগী রেজাউল করিম বলেন, আমার স্ত্রীর তানিয়া আক্তার ঘটনার দিন মোবাইল দিয়ে ফোন করে তিল্লি বাজারে যেতে বলে। আমি তার কথামতো গেলে বাশার মেম্বারের বাড়ির পাশ থেকে আমাকে কোনো কিছু না বলে জোর করে গাড়িতে তুলে নেয়।  ওসি আশরাফুল আলম আরও বলেন, রেজাউলের স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করতে পারলে সব রহস্য বের হয়ে আসবে।