ঝিনাইদহে সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আলতাব হোসেন বিশ্বাস (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আলতাব হোসেনসহ অন্তত ১০ জন আহত হন। নিহত আলতাব হোসেন বিশ্বাস ওই গ্রামের নকিব বিশ্বাসের ছেলে।

গ্রামবাসী জানায়, বেড়বিন্নি গ্রামের শহিদুল ও সিরাজুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক সপ্তাহ আগে বেড়বিন্নি বাজারে শহিদুলের সমর্থক বিজু আহমেদ ও বকুল হোসেনকে মারধর করে সিরাজুলের লোকজন। এরই জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহত ৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হরিণাকুন্ডু থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় রায়হান নামে একজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।’