ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বোরো ধান পুড়ে যাওয়ায় লালমনিরহাটে ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ করেছেন কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকরা গতকাল রবিবার দুপুরে লালমনিরহাট-মোগলহাট সড়কটি ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন। এসময় কৃষকদের হাতে ছিল পুড়ে যাওয়া ধানের শিষ। পরে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী ও কৃষি কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
কৃষকরা জানান, গত শনিবার রাতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরামপুর গ্রামের ‘টু স্টার-বি’ ইটভাটার ছেড়ে দেওয়া বিষাক্ত ধোঁয়ায় ফসলের এমন হাল হয়েছে। ওই এলাকার শতাধিক কৃষকের জমির ফসল নষ্ট হয়েছে বলে দাবি করেন তারা। টু স্টার-বি নামের ইটভাটার মেকানিক মিনহাজুল ইসলাম বলেন, পাশেই আরও একটি ইটভাটা রয়েছে। তাদের ভাটার কারণেও সমস্যা হয়ে থাকতে পারে।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা মাসুম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের আশ^স্ত করা হয়েছে। প্রয়োজনে ক্ষতিপূরণ আদায়ের জন্য কাজ করা হবে।