রোজার আগে নানা কাজে ব্যস্ত ছিলেন নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য দুই বোন সামিনা ও ফাহমিদা মিলে গেয়েছিলেন নতুন একটি গান। যুক্তরাষ্ট্রে একটি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন। নারী দিবসে একটি ব্র্যান্ডের পোশাকের মডেল হন। আর সবচেয়ে ব্যস্ততা ছিল নিজের ইউটিউব চ্যানেল নিয়ে। যেখানে তিনি নিয়মিত একটি ভøগ তৈরি করেন। নাম ‘সেই থেকে শুরু’। এই অনুষ্ঠানে তিনি একটি জনপ্রিয় গান নিয়ে কথা বলেন। থাকে সেই গানের পেছনের গল্প, খালি গলায় গুনগুন করে গেয়ে শোনান সেই গান। এমন ক্যাজুয়াল একটি অনুষ্ঠান পেয়ে তার ভক্তরা উচ্ছ্বসিত। তবে এখন সব বন্ধ করে ঘরেই আছেন এই তারকা। ইবাদত ও ঘরকন্যায় সময় দিচ্ছেন। সামিনা চৌধুরী গতকাল দেশ রূপান্তরকে বললেন, ‘আমি কেন যেন মাঝে মাঝে থেমে যাই। মনে হয় সব কিছু থেকে ছুটি নিয়ে নিই। একেবারে অন্তরালে চলে যাই! কোনো কিছু করতে মন চায় না। শিল্পকর্ম নিরবচ্ছিন্ন চর্চা ও সাধনার বিষয়। তাই আমার এই মানসিক দোটানাকে শিল্পী জীবনের জন্য ক্ষতিকরই মনে করি। কিন্তু সব সময় তো মনের ওপর জোর চলে না। দিনশেষে মন খারাপ করে গান করা যায় না। এই যেমন এখন সব বন্ধ করে বসে আছি। পারতপক্ষে ঘর থেকেই বের হই না। অবশ্য রমজানে এই বিষয়টিকে আমি সংযমই মনে করছি।’
সামিনা এখন গান না করলেও ভক্তরা তার নতুন গান ঠিকই পেয়েছেন। সম্প্রতি বেশ লম্বা বিরতির পর প্রকাশ হলো এই শিল্পীর নতুন গান ‘একটুখানি কষ্ট দিতেও’। এবারই প্রথম কলকাতার অন্যতম সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সুরে গাইলেন এই শিল্পী। গানটি লিখেছেন জুলফিকার রাসেল। কথাগুলো এমন- একটুখানি কষ্ট দিতেও মন গহিনে বাঁধে/ তোমার মন খারাপের সন্ধ্যেবেলায় একজনই তো কাঁদে। গানটির সংগীতায়োজন করেছেন সামিনা চৌধুরীরই ভাই রিদওয়ান নবী পঞ্চম। গানটির ভিডিও উন্মুক্ত হয়েছে জুটি মিউজিকের ইউটিউব চ্যানেলে। সামিনা চৌধুরী বলেন, ‘এই গানটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছি। তাও বছর পাঁচেক তো হবেই। অবশেষে সেটি প্রকাশ হলো জেনে খুশি লাগছে। এর আগে নচিকেতার সঙ্গে আমি একটি দ্বৈত গান গাইলেও, ওনার সুরে এটাই প্রথম। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
জুটি প্রোডাকশনের ব্যানারে গানটির একটি ভিডিও নির্মিত হলো। যাতে সামিনা চৌধুরী নিজেই হাজির হয়েছেন ক্যামেরার সামনে। গানটি সুর করা প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, ‘সামিনা চৌধুরী অনেক গুণী ও জনপ্রিয় একজন শিল্পী। ওনার জন্য প্রথমবার সুর করেছি। চমৎকার গেয়েছেন।’
নচিকেতা সম্পর্কে সামিনা চৌধুরী বলেন, ‘এবারই তার সুরে প্রথম গান করলাম। কিন্তু এর আগে আমার দেশীয় একটি অডিও কোম্পানির জন্য একটি ডুয়েট গানও গেয়েছি। ‘একটু একটু করে তোমার কাছে এসেছি’ শিরোনামের সেই গানটিও খুব সুন্দর। শ্রোতারা তখন সিডি কিনে গানটি বেশ শুনেছেন। শুধু সুরকার নয়, শিল্পী হিসেবেও নচিকেতা দারুণ। তার গাওয়ার স্টাইলটি ইউনিক। কণ্ঠশৈল্পীও খুব ভালো। তার চিন্তা-ভাবনা অত্যন্ত সাহসী। মনের কথাগুলো যে ধরনে বলেন সেটি মানুষকে সহজে ছুঁয়ে যায়। সব মিলিয়ে এমন একজন শিল্পীর সঙ্গে কাজ করা আনন্দের ব্যাপার।’
সবশেষে এবারের ঈদের পরিকল্পনার কথাও জানালেন এই জনপ্রিয় শিল্পী, ‘এবার ঈদে সবাই একসঙ্গে অনেক আনন্দ করে কাটাব বলে ধারণা করছি। কারণ করোনার প্রকোপ অনেকটাই কম। তাছাড়া এবার আমার ছেলে-মেয়ে সব দেশেই আছে। নুমাও (ফাহমিদা নবী) গত শনিবার দেশে ফিরেছে। তার মেয়েটাও ঈদের আগে ফিরবে। এছাড়া মা, ভাই ও তার পরিবার তো আছেন। শুধু মিস করব ছোট বোনটাকে। সে বিদেশেই থাকবে। ইচ্ছে আছে কদিন পরই একটু একটু করে সবার জন্য ঈদের পোশাক কেনার। ঈদের প্রথম দিন আমরা সবাই নুমার বাসায় খাই। দ্বিতীয় দিন আমার বাসায়। আমার হাতের গরুর মাংস সবাই পছন্দ করে। এবারও রান্না করব। সঙ্গে পোলাও, ডেজার্ট আইটেম করব। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।’