মুজিবনগর দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় শিক্ষক সমিতির সভাপতি ও আওয়ামীপন্থি নীল দলের নেতা অধ্যাপক এম রহমত উল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দিয়েছেন। গতকাল রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সভাপতি এম রহমত উল্লাহ তার লিখিত বক্তব্যে বলেন, ‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের জাতীয় চার নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’
তার এ বক্তব্যের পরপরই তীব্র প্রতিবাদ জানান উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে খন্দকার মোশতাকের মতো ব্যক্তির প্রতি গভীর শ্রদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ করে না। বিশ্ববিদ্যালয়ের প্রতি এই বক্তব্য অবিলম্বে এক্সপাঞ্জ করার আবেদন জানাচ্ছি।’
সমাবেশের পর প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী দেশ রূপান্তরকে বলেন, ‘আমি মনে করি মুজিববর্ষে বঙ্গবন্ধুর খুনির প্রতি এভাবে বক্তব্য দেওয়া ধৃষ্টতাপূর্ণ অপরাধ। ঢাকা বিশ্ববিদ্যালয় এ ধরনের বক্তব্য গ্রহণ করতে পারে না। সমিতির সভাপতি লিখিত বক্তব্য দিয়েছেন। অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন জানাচ্ছি।’
এ বিষয়ে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘মুজিবনগর সরকারে কে কোন মন্ত্রণালয় বা বিভাগে ছিলেন, তা নিয়ে আমি আলোচনা করেছি। মন্ত্রণালয়ের নামগুলো বলার সময় আমি তার নাম বলেছি। এখানে ভুল হয়ে থাকলে আমি অবশ্যই দুঃখিত।’
তিনি বলেন, ‘মুজিবনগর সরকারের যারা মন্ত্রণালয় পেয়েছিলেন, সেখানে মোশতাকের নাম বলাটা আমার উচিত হয়নি। এ ধরনের কিছু বলা হলে সেটা যেন এক্সপাঞ্জ করা হয়। এটা পরে এক্সপাঞ্জ করাও হয়েছে। এ নিয়ে আমি কোনো আপত্তিও তুলিনি।’