বিটিভি’র ‘ছায়াছন্দ’ উপস্থাপনায় এইচ এম রানা

বাংলাদেশ টেলিভিশনে সিনেমার গান নিয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ছায়াছন্দ’র  উপস্থাপনায় এবার থাকছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এইচ এম রানা।

রানা বলেন, ‘ছায়াছন্দ অনুষ্ঠানটি দীর্ঘ চার দশক ধরে তার জনপ্রিয়তা ধরে রেখে আজও দর্শক শ্রোতার হৃদয়ে ভালোলাগার একটি আসন দখল করে আছে। সেই ছোটবেলা থেকে পরিবারের সবাইকে নিয়ে যেই অনুষ্ঠান দেখে আমি ও আমরা অনেকেই বড় হয়েছি, যেই অনুষ্ঠান নিয়ে রয়েছে শৈশবের কতইনা মধুর সব স্মৃতিকথন। এমন একটি অনুষ্ঠান উপস্থাপনার জন্য বিটিভি কর্তৃপক্ষ আমাকে যেই সুযোগ আর সম্মান দিয়েছেন তাতে আমি ভীষণ আপ্লুত ও অনুপ্রাণিত। ইতিমধ্যে বিটিভির নিজস্ব অডিটোরিয়ামের বিশাল এক সেটে এর রেকর্ডিং ও শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।’

উল্লেখ্য এইচ এম রানার গ্রন্থনা ও উপস্থাপনায় এবং সৈয়দা ফারহানা হাসানের প্রযোজনায় ছায়াছন্দ অনুষ্ঠানটি বিটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয় দিন রাত ৮ টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।