দাউদকান্দিতে বিএনপি নেতা মোশাররফের ম্যুরাল, নামফলক ভাঙচুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও দাউদকান্দি-মেঘনা আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ম্যুরাল ও নামফলক ভেঙে ফেলা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টায় দাউদকান্দি পৌরভবনে তার নামফলক তুলে ফেলা হয়। 

এ ঘটনায়  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা, নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

ড. খন্দকার মোশাররফ হোসেন ১৯৯৫ সালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী থাকাকালীন দাউদকান্দি সদর দক্ষিণ ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করেন। ২০০১-০৬ মেয়াদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী থাকাকালে পৌরভবন নির্মিত হয়। তৎকালীন মেয়র মরহুম নাসিরউদ্দিন আহমেদ পৌরসভার প্রতিষ্ঠাতা হিসেবে খন্দকার মোশাররফ হোসেনের একটি ম্যুরাল  ও নামফলক স্থাপন করেন। 

ভাঙচুরের ঘটনায় ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এক ভিডিও বার্তায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

ভিডিও বার্তায় ড. মারুফ এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ি করেন এবং জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন।

রাত ৯টায় দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, ড. খন্দকার মোশাররফ হোসেনের ম্যুরাল ও পৌরভবনের উদ্বোধনী নামফলক ভেঙে ফেলার বিষয়টি বিভিন্নভাবে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।