রুমির ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে দরিদ্রতা বাধা

মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের দ্বারিকাপাড়া গ্রামের শহিদুল ইসলামের  মেয়ে সুবর্ণা আক্তার রুমি। রুমির বাবা কানঞ্চগাড়ী ছাছমালিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী।

ভাই না থাকলেও চার বোনের মধ্য রুমি দ্বিতীয়। বাবার একার আয়ে সংসার চলে। ভিটেমাটি ছাড়া তেমন কোন ফসলি জমি নেই। দ্বারিকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের পাঠ শেষ করে উপজেলা সদরের শেখ হাসিনা আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়। সর্বশেষ এমবিবিএস কোর্সে পরীক্ষা দিয়ে রুমি জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

রুমির সঙ্গে কথা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ছোট বেলায় নিজে অসুস্থ হয়ে বাবার সঙ্গে কিছুদিন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে যাতায়াত করি। তখনই স্বপ্ন জাগে মেডিকেলে পড়াশোনা করার। আমি সেই স্বপ্ন নিয়ে পড়াশোনা চালিয়ে যাই। রুমির বাবা শহিদুল ইসলাম বলেন, রুমির মেডিকেল কলেজে ভর্তি ও পরবর্তী পড়াশোনা চালিয়ে নিতে প্রয়োজনীয় টাকা জোগাড় করবো কী করে তা বুঝতে পারছি না।