ঢাকা-রাজশাহী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় গতকাল সোমবার সকাল ১০টার দিকে ট্রেনে কাটা পড়ে আব্দুল হাকিম (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জয়েন বড়ধূল গ্রামের মৃত আকছেদ আলীর ছেলে।
জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আবদুল হান্নান জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজন মারা গেলে বিষয়টি জিআরপি থানাকে অবহিত করা হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই আমিরুল ইসলাম বলেন, সকালে ওই ব্যক্তি রেলপথ পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন।
অপরদিকে, ময়মনসিংহের গফরগাঁওয়ে বাবার বাড়ি যাওয়ার পথে রেল ব্রিজ পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে শিলা রেল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আছমা (৩৬) উপজেলার পাইথল ইউনিয়নের শহীদনগর পূর্বপাড়া গ্রামের গোবড়ী এলাকার দুলাল মিয়ার স্ত্রী।