যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের আনুষ্ঠানিক আদেশ জারি করেছে ব্রিটেনের একটি আদালত। ইরাক ও আফগানিস্তান যুদ্ধ সম্পর্কে লাখ লাখ গোপন নথি ফাঁস করে দেওয়ার দায়ে বিচারের মুখোমুখি করতে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের আনুষ্ঠানিক এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে এএফপি।
আদালতের এই আদেশের পর অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানোর সিদ্ধান্ত এখন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের ওপর নির্ভর করছে। তবে প্রত্যর্পণের বিষয়ে প্রীতি প্যাটেলের যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ১৪ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জের আইনজীবীরা।
যুক্তরাজ্যের আদালতে গত কয়েক বছর ধরে বহুল আলোচিত অ্যাসাঞ্জের প্রত্যর্পণ মামলার শুনানি চলছে। গতকাল বুধবার সেন্ট্রাল লন্ডনের ম্যাজিস্ট্রেট আদালত আনুষ্ঠানিক রায় ঘোষণা করায় দীর্ঘদিনের ঝুলে থাকা এই আইনি লড়াই অবসানের দ্বারপ্রান্তে পৌঁছেছে। পূর্ব লন্ডনের বেলমার্শ কারাগার থেকে অনলাইনে মামলার শুনানিতে অংশ নেন অ্যাসাঞ্জ। প্রায় ৭ মিনিটের শুনানি শেষে আদালতের প্রধান ম্যাজিস্ট্রেট পল গোল্ড স্প্রিং প্রত্যর্পণ আদেশ জারি করেন।