চার দশকের বেশি সময় বর্ণাঢ্যময় চলচ্চিত্র ক্যারিয়ার নায়িকা রোজিনার। অভিনয় করেছেন প্রায় ৩০০ চলচ্চিত্রে। পেয়েছেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও কাজ করেছেন। সম্প্রতি জীবনের অনেক অজানা কথা জানিয়েছেন তিনি মাছরাঙা টেলিভিশনে ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ উপস্থিত হয়ে। রুম্মান রশীদ খান ও খালেদার উপস্থাপনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর এই পর্বটি প্রচার হবে ঈদের ২য় দিন সকাল ৭টায়। অনুষ্ঠানে রোজিনা স্মৃতি রোমন্থন করে বলেন, ‘সামাজিক চলচ্চিত্রের পাশাপাশি আমি অসংখ্য ফোক-ফ্যান্টাসি বা পোশাকি চলচ্চিত্রে কাজ করেছি। সে সময় খেয়াল করেছিলাম, অনেকেই আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বলেছিলেন, রোজিনা ফোক-ফ্যান্টাসির অভিনয় ছাড়া কিছুই জানে না। অথচ আমার ক্যারিয়ারে ভিন্নধারার অভিনয়সমৃদ্ধ চলচ্চিত্রও রয়েছে। জেদ চেপেছিল মনে, সমালোচকদের ভুল ধারণা ভাঙতে হবে। তোজাম্মেল হক বকুল আমাকে ‘বেদের মেয়ে জোসনা’র জন্য প্রস্তাব করেন। আমি রাজি না হওয়ায় অনেক চেষ্টা করেন। কিন্তু তখন আমি ফোক ছবি আর করতে চাইনি। তাই নির্মাতারা অঞ্জু ঘোষকে নির্বাচন করেন। ছবির কাজ শুরু করার পরও পরিচালক আমাকে বলেছিলেন, “বুবু, ‘বেদের মেয়ে জোসনা’ যদি ফ্লপ হয়, তার জন্য দায়ী থাকবেন আপনি।” অবশ্য সেটি আর হয়নি। ‘বেদের মেয়ে জোসনা’ ভীষণভাবে জনপ্রিয় হয়।’