টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

আ.লীগ নেতা, প্রকৌশলী শিক্ষকসহ আসামি ৬

কুষ্টিয়ার খোকসায় বিদ্যালয়ের সংস্কার কাজের ২ লাখ টাকা আত্মসাতের দুই মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগ নেতা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, স্কুলটির প্রধান শিক্ষক, এলজিইডির প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাসহ ছয়জনকে। গত মঙ্গলবার দুদক এসব মামলা করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, খোকসা উপজেলায় স্কুল সংস্কারে বরাদ্দ সরকারি অর্থ কাজ না করেই বিল ভাউচার দেখিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন তারা।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলামের আদালতে মামলা দুটি করেন সমন্বিত দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় কুষ্টিয়ার উপপরিচালক আলমগীর হোসেন। মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে উপজেলার মাছুয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মামুদানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে বাৎসরিক সংস্কার ও শিক্ষা সহায়কসামগ্রী খাতে ২ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে একটিতে ৫০ হাজার ৮২৫ এবং অন্যটিতে ৫৭ হাজার ২২৮ টাকার কাজ না করেই বিদ্যালয়সংশ্লিষ্ট ওইসব ব্যক্তি ভুয়া বিল ভাউচার করে আত্মসাৎ করেন বলে দুদকের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে।

মামলা দুটির এজাহারে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন মাছুয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবর্ণ কুমার বিশ্বাস (৫৪), বিদ্যালয়ের সভাপতি খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার (৫১), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি খোকসা উপজেলা প্রকৌশলী আবদুস সামাদ (৪৮), সহকারী উপজেলা শিক্ষা অফিসার হোসাইন মোহাম্মদ বেলাল (৫১), মামুদানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার বিশ্বাস (৫৩) ও সভাপতি মহিমা রঞ্জন বিশ্বাস (৬১)।