বরিশালে নিখোঁজ বাল্কহেড শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালের কীর্তনখোলা নদীতে বাল্কহেড সুকোনের আঘাতে নদীতে পড়ে নিখোঁজ শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত বাল্কহেড শ্রমিকের নাম নাম আশরাফ আলী (৫৫)। তিনি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ী মহল গ্রামের মৃত আজিজ হাওলাদারের ছেলে।

বুধবার দিনগত রাত পৌনে ১২টায় কীর্তনখোলা নদীর নতুন চর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানায় কাউনিয়া থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, আশরাফ আলী নদী থেকে বালু উত্তোলন করার জন্য গত ১৮ এপ্রিল বাড়ি থেকে রওনা দেয়। কীর্তনখলা নদীর চরমোনাই ঘাট এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের ধাক্কায় বাল্কহেড সুকোন (হাইল) এসে মুখমণ্ডলে আঘাত করে। এতে তিনি বলগেট থেকে ছিটকে নদীতে পড়ে নিখোঁজ হন।

বুধবার রাত পৌনে ১২টার দিকে নদীর নতুন চর এলাকায় লাশ ভেসে উঠে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।