বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএ ও যুক্তরাষ্ট্রভিত্তিক সিএনএন ইন্টারন্যাশনাল কমার্শিয়াল (সিএনএনআইসি) একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পোশাক শিল্পের সাফল্যের গল্প তুলে ধরার জন্য একসঙ্গে কাজ করবে তারা।
গতকাল বৃহস্পতিবার ঢাকায় বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের উপস্থিতিতে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং সিএনএনআইসির মধ্যে আলোচনাকালে এ আগ্রহের কথা জানান তারা।
সিএনএনআইসি দলে ছিলেন হেড অব গ্লোবাল ক্লায়েন্ট সলিউশনস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেমস হান্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব এপিএসি এলএটিএএম, অ্যাডসেলস অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিজিটাল স্ট্র্যাটেজি রবার্ট ব্র্যাডলি, ডিরেক্টর, সেলস অভিজিৎ ধর এবং অ্যাকাউন্ট ম্যানেজার মেহের আনন্দ।
বিজিএমইএ এবং সিএনএনআইসি কীভাবে একসঙ্গে কাজ করে বিশ্ববাসীর সামনে বাংলাদেশের পোশাক শিল্পের সাফল্যের গল্প উপস্থাপন করতে পারে, বিশেষ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিল্পের বিশাল অবদানের চিত্র সবার সামনে তুলে ধরতে পারে তা নিয়ে আলোচনা করেন।
কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে শিল্পের অসাধারণ অর্জনগুলো বিশ্ববাসীকে জানানোর ক্ষেত্রে সিএনএনআইসি কীভাবে সহায়তা করতে পারে, তা নিয়েও আলোচনা করেন তারা।