যুক্তরাষ্ট্রে একইসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। গত বুধবার ওয়াশিংটনে একদিকে ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড; অন্যদিকে জি-২০ দেশগুলোর অর্থনৈতিক নেতা ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা আলোচনায় বসেছেন। বৈঠকের মূল বিষয়, বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি ও খাদ্য সংকট। তবে আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে ইউক্রেনে রাশিয়ার অভিযান।
ডয়চে ভেলে বলছে, ওই বৈঠকে যোগ দিয়েছেন রাশিয়ার প্রতিনিধি। তিনি যখন কথা বলতে শুরু করেন, তখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অধিকাংশ দেশের নেতারা আলোচনাসভা থেকে ওয়াকআউট করেন। ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে এ ওয়াকআউট বলে জানানো হয়েছে। শুধু তা-ই নয়, যারা ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন, তারা ক্যামেরা বন্ধ করে প্রতিবাদ জানান।
কানাডার ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড টুইটে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এভাবেই রাশিয়ার বিরুদ্ধে ওয়াকআউট করা হয়েছে। গোটা বিশ্ব রাশিয়ার আগ্রাসন মেনে নিচ্ছে না।’
যুক্তরাজ্যের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা এভাবেই আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। রাশিয়ার বিরুদ্ধে আমরা সংহত অবস্থান নিয়েছি। তাদের আগ্রাসনের প্রতিবাদের পাশাপাশি আরও কঠিন ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে।’
রাশিয়ার ডেপুটি অর্থমন্ত্রী ওয়াশিংটনের বৈঠকে যোগ দিয়েছিলেন। ভার্চুয়ালি ছিলেন দেশটির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের উপস্থিতি কাক্সিক্ষত নয়। কেন তারা বৈঠকে যোগ দিয়েছেন, এ প্রশ্ন তুলেই ওয়াকআউট করা হয়েছে।
ফরাসি অর্থমন্ত্রী জানিয়েছেন, তারা চেয়েছিলেন, রাশিয়া যেন ওই বৈঠকে যোগ না দেয়। বৈঠকের আগে জার্মান অর্থমন্ত্রী জানান, প্রোপাগান্ডা চালানোর জন্য রাশিয়াকে কোনো মঞ্চ দিতে তারা প্রস্তুত নন।