খুব কঠিন সময় যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের। বেশ কয়েকটি ম্যাচে রক্ষণভাগে ভুলের জন্য সমালোচিত হয়েছেন এই ইংলিশ ডিফেন্ডার।
তার মধ্যে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ইউনাইটেডের ৪-০ গোলের হারের পর সেই সমালোচনার আগুনে যেন ঘি পড়েছে। রেড ডেভিল সমর্থকেরা এখন আর ম্যাগুয়ারকে নেতৃত্বে দেখতে চান না।
এমনকি ২৯ বছর বয়সী ডিফেন্ডারকে বোমা মেরে উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। জীবননাশের হুমকির পর তো আর বসে থাকতে পারেন না ম্যাগুয়ার। বাড়িতে পুলিশ ডেকেছেন তিনি।
এই ইংলিশ সেন্টার-ব্যাক পুলিশকে জানিয়েছেন, তার বাড়িতে বোমা পেতে রাখারও হুমকি পেয়েছেন তিনি।
চেশায়ারের পুলিশ এক বিবৃতিতে জানায়, বুধবার (২০ এপ্রিল) ম্যাগুয়ারের বাড়ির ঠিকানা উইলমস্লো এলাকায় বোমা মারার হুমকির অভিযোগ পেয়েছে তারা।
আর সতর্কতার কারণে পুলিশের বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল বিশেষ কুকুর নিয়ে ম্যাগুয়ারের বাড়িতে তল্লাশি চালায়। বাড়ির বাগান ও আশপাশের এলাকায় বোমার খোঁজ করে তারা।
দুই সন্তান ও বাগ্দত্তাকে নিয়ে ম্যাগুয়ারের পরিবার। এমন হুমকির পর যারপরনাই আতঙ্কের মধ্যে আছেন তিনি।
২৯ বছর বয়সী ডিফেন্ডারের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টার মধ্যে হ্যারি তার পরিবারে মারাত্মক হুমকি পেয়েছেন। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন।