ডায়রিয়ার প্রাদুর্ভাব বেশি সেসব এলাকায় কলেরার টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মে মাসে কলেরার টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যেসব এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেশি, সেসব এলাকায় কলেরার টিকা দেওয়া হবে। সামনে এ টিকার পরিসর বাড়ানোর পরিকল্পনা আছে।

শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে বিডিএস ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে এ কথা বলেন। এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী তিতুমীর কলেজ কেন্দ্র পরিদর্শনকালে পরীক্ষার খোঁজখবর নেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি কলেরার টিকা নিয়েও কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে গত মার্চ থেকে ডায়রিয়ার প্রকোপ বাড়তে দেখা যাচ্ছে। রাজধানী ঢাকাতেই ডায়রিয়ার প্রকোপ বেশি। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা যাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনার সময় কাটিয়ে উঠে স্বাভাবিকভাবে ফিরছে সবকিছু। যাঁরা এখনো করোনার টিকা নেননি, তাঁদের সবাইকে এ টিকা নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অতিমারিকালে আমরা একদিকে করোনা নিয়ন্ত্রণে কাজ করেছি, অন্যদিকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পেরে হাজার হাজার শিক্ষার্থীর যাতে শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য কাজ করেছি। আজকের পরীক্ষাটিও সুশৃঙ্খলভাবে নেওয়াসহ পরীক্ষায় কোনো রকম অনিয়ম যাতে না হয়, সে জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে এ বছর প্রশ্নপত্র বিতরণ হয়েছে ডিজিটাল পদ্ধতিতে।’

পরীক্ষা-সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ৬৫ হাজার ৯০৭। এর মধ্যে শুধু ঢাকাতেই রয়েছেন ৩১ হাজার ৩৫ জন।

স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্যশিক্ষা বিভাগের মহাপরিচালক এনায়েত হোসেনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।