বরগুনায় বেপরোয়া গতির একটি টাফি গাড়ির চাপায় আইউব আলী (৬৫) নামে এক পথচারীর হয়েছে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ।
তিনি জানান, রাত ৯টার দিকে বরগুনা পৌর শহরের স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী পৌর শহরের চরকলোনী এলাকার মৃত গয়জ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে বরগুনা-পুরাকাটা সড়কের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি অবৈধ টাফি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা পথচারী আইউব আলীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরগুনা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জায়েদ আলম ইরাম বলেন, গাড়ির চাপায় তার শরীরের বিভিন্ন স্থান ও মাথায় রক্তক্ষরণ হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক হাসানুর রহমান ঝন্টু বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেও এই অবৈধ গাড়িগুলো পৌরশহরে বন্ধ করতে পারেনি। প্রশাসনের কাছে জোর দাবি এই অবৈধ যানবাহনগুলো বন্ধ করা হোক।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। গাড়ি ও চালককে শনাক্ত করে গ্রেপ্তার করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হবে। এ ঘটায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।