ডার্বিশায়ারের হয়ে আরেকটি সেঞ্চুরি করে ইংলিশ কাউন্টি ক্রিকেটে ইতিহাস গড়েছেন ওপেনিং ব্যাটার শান মাসুদ। প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যাক-টু-ব্যাক ডাবল সেঞ্চুরি করলেন ৩২ বছর বয়সী ব্যাটার।
শুক্রবার লিচেস্টারশায়ারের বিপক্ষে প্রথম দিনে ২৬৮ বলে ২১৯ রান করেন মাসুদ। এর আগে সাসেক্সের বিপক্ষে খেলেন ২৩৯ রানের ইনিংস।
সব মিলিয়ে, দ্বিতীয় পাকিস্তানি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি পেলেন মাসুদ। এর আগের রেকর্ডটি ছিল আরশাদ পারভেজের। ১৯৭৮ সালে বিসিসিপি প্যাট্রন ট্রফিতে ২৪৩ ও ২৩৬ রানের ইনিংস খেলেছিলন ৬৮ বছর বয়সী সাবেক এই পাকিস্তানি ব্যাটার।
মাসুদের আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সর্বশেষ এশিয়ান ব্যাটার হিসেবে এই অর্জন ছিল নওয়াব ইফতেখারউদ্দিনের। ওরচেস্টারশায়ারের হয়ে ১৯৩৩ সালে ২৩১ ও ২৪৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
ইতোমধ্যে কাউন্টির চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষস্থানে আছেন মাসুদ। ৬১১ রান নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তার চার ইনিংসে রান— ৯১, ৬২, ২৩৯ ও ২১৯। গড় ১৫২.৭৫।