ফ্রেঞ্চ লিগ ওয়ানে সর্বোচ্চ ১০ বার করে শিরোপা জেতার রেকর্ডটি ছিল মার্শেই ও সেঁত-এতিঁয়েনের। এবার তাদের রেকর্ডে ভাগ বসাল পিএসজি। ১০ম বারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো ফরাসি জায়ান্টরা।
ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়া লেন্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করে লিগ ওয়ান শিরোপা পুনরুদ্ধার করল ফরাসি জায়ান্টরা। কোচ হিসেবে মাউরিসিও পচেত্তিনোর এটি প্রথম লিগ শিরোপা।
অন্যদিকে ফরাসি ফুটবলে নিজের প্রথম মৌসুমে পিএসজির হয়ে প্রথম লিগ জয়ের স্বাদ পেলেন লিওনেল মেসি। দলের শিরোপা জয়েও রাখলেন গুরুত্বপূর্ণ অবদান। সতীর্থ নেইমারের অ্যাসিস্টে ৬৮তম মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
তার আগে ১০ জনের দল হয়ে পড়ে লেন্স। ৫৭তম মিনিটে লাল কার্ড দেখেন কেভিন ডানসো। তবে খর্বশক্তি নিয়েও শেষ মুহূর্তে সমতায় ফেরে লেন্স। ৮৮তম মিনিটে গোল শোধ দেন কোরেন্টিন জঁ।
শিরোপা নিশ্চিত করার জন্য এক পয়েন্ট দরকার ছিল পিএসজির। ৪ ম্যাচ হাতে রেখে ৭৮ পয়েন্ট নিয়ে শিরোপা পুনরুদ্ধার করল ফরাসি জায়ান্টরা। গত মৌসুমে লিগ ওয়ান জিতেছিল লিল।