কমলগঞ্জে ঝড়ে খুঁটি-সরঞ্জাম ভেঙে বিদ্যুৎ বিপর্যয়

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শনিবার রাতের কালবৈশাখী ঝড়ে গাছপালা ভেঙে ৫টি বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।

শনিবার রাত সাড়ে ১২টায় আধা ঘণ্টা বেশ গতি সম্পন্ন কালবৈশাখী ঝড়ে এ ঘটনা ঘটে।

ঝড়ে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রেলপথেও গাছ ভেঙে পড়ে ৪ ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল।

পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সূত্রে জানা যায়, ঝড়ে উপজেলা মাধবপুর এলাকায় ১১ কেভির ক্ষমতা সম্পন্ন লাইনের ৫টি খুঁটিতে গাছ পড়ে ভেঙে যায়। এ সময় অসংখ্য স্থানে বৈদ্যুতিক সরঞ্জামও ভেঙে গেছে। বিদ্যুতের তারও ছিঁড়ে গেছে। এ অবস্থায় রাত সাড়ে ১২টা পর থেকে গোটা উপজেলা ছিল বিদ্যুৎবিহীন। বিদ্যুৎ কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করে রোববার সকাল ১০টায় কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেন। তবে অধিকাংশ এলাকায় রবিবার বেলা ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক মীর গোলাম ফারুক দেশ রূপান্তরকে বলেন, 'দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর আবারও ৩৩ কেভি প্রধান লাইনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। বাকি এলাকার মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে।'