বাংলাদেশের ফুটবলে অভিষেকেই জোড়া গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরা। সপ্তাহখানেক আগে বসুন্ধরা কিংসের হয়ে খেলতে এসেছেন তিনি।
প্রথম ম্যাচ খেলতে নেমেই মিগুয়েল জানিয়ে দিলেন, ফুটবল দেশের মানুষ তিনি। রাজশাহী জেলা স্টেডিয়ামে তলানির দল স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে অস্কার ব্রুজনের একাদশে সুযোগ পেয়ে দেখালেন ঝলক।
২৮তম মিনিটে বসুন্ধরা কিংসকে এগিয়ে ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। এর সাত মিনিট পর করেন দ্বিতীয় গোল।কিংসরা দাপটের সঙ্গে ম্যাচটি জিতেছে ২-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোনো গোলের দেখা পায়নি ব্রুজনের দল। পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন মিগুয়েল।
এই জয়ে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে কিংস। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৯। সমান ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে সবার শেষে স্বাধীনতা।