নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গাঁজা সংরক্ষণ ও সেবনের দায়ে গ্রাম পুলিশসহ চারজনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালতে এ দন্ডাদেশ দেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আলমগীর পাশা জানান, গতকাল সকালে পৃথক অভিযান চালিয়ে উপজেলার বড়ভিটা বাজার ও খোকার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ লাল মোহন, উত্তর বড়ভিটা গ্রামের এরশাদ আলী, সুজন মিয়াকে প্রকাশ্যে গাঁজা সেবনের সময় আটক করা হয়। গ্রাম পুলিশ লাল মোহনসহ তিনজনকে তিন মাস করে কারাদন্ড ও প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া গাঁজা সংরক্ষণ করে গোপনে বিক্রির দায়ে মাসুদ আলীকে দুই বছরের কারাদন্ড দেওয়া হয়।