পটুয়াখালীর দুমকিতে প্রতিবেশী শিশুদের সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার দু'দিন পরে জিহাদ (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৬টার দিকে উপজেলার চরগরবদি ফেরিঘাট সংলগ্ন লোহালিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুদিন আগে গত শনিবার দেড়টার দিকে অন্যান্য শিশুদের সঙ্গে জিহাদ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল টানা দু’দিনের উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়।
সোমবার সকালে মুরাদিয়ার চরগরবদি ফেরিঘাটে স্থানীয় লোকজন শিশুটির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।
দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম বলেন, লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।