নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক খুন

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে জাহিদ হাসান (২৮) নামক এক গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ৬টার দিকে ফতুল্লা থানার মাসদাইর শেরেবাংলা সড়ক এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জাহিদ হাসান কুমিল্লা জেলার দেবিদ্বার থানার শ্রীপুরের শহিদুল্লাহর ছেলে এবং ফতুল্লা থানার গলাচিপার হুমায়ুন কবিরের ভাড়াটিয়া। তিনি শোভন গার্মেন্টসের প্রিন্ট সেকশনে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, নিহত জাহিদ হাসান সকাল ছয়টার দিকে বাসা থেকে নিজ কর্মস্থলে আসছিলেন। পথিমধ্যে শেরে বাংলা রোড এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে স্থানীয় পথচারী ও সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহরের জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় সকাল সাতটার দিকে তিনি মারা যান। কি কারণে তাকে হত্যা করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।