আঙুলে চোট ধরা পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অনিশ্চিত মেহেদি হাসান মিরাজ। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে চোট পান এই বোলিং অলরাউন্ডার।
এক্স-রে’তে তার আঙুলে চিড় ধরা পড়েছে। আপাতত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন মিরাজ। চোটের কারণে ২৪ বছর বয়সী তারকার চট্টগ্রাম টেস্ট খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশ সফরে আসবে লঙ্কানরা। ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম হবে সিরিজে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে, মিরপুর শেরে বাংলায় স্টেডিয়ামে।
রবিবার শ্রীলঙ্কা সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ। স্কোয়াডে আছেন মিরাজ। কিন্ত এদিন বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইমের ওপেনার তামিমের ক্যাচ নিতে গিয়ে ডানহাতের আঙুলে চোট পান তিনি। পরে এক্স-রে করতে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
বিসিবি সূত্রে জানা যায়, এক্স-রে’তে মিরাজের ডান হতের কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে। মেডিকেলের ভাষায় যাকে বলে ‘অ্যাভালশ ফ্র্যাকচার’। মিরাজের নড়ে যাওয়া হাড় সঠিক জায়গায় বসানো হয়েছে। তাকে আপাতত ২ সপ্তাহের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
শ্রীলঙ্কা সিরিজের আগে চোট হানা দিয়েছে বাংলাদেশ শিবিরে। প্রাইমের বিপক্ষে চোট পান মুশফিকুর রহিমও।