রিয়াল মাদ্রিদ, সেভিয়া ও লেভান্তেকে পরপর তিন ম্যাচ হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসার পর লা লিগা শিরোপা লড়াইয়ে স্বপ্ন দেখছিল বার্সেলোনা। কিন্তু ঘরের মাঠে ইউরোপা লিগে আইনট্রাখট ফাঙ্কফুর্টের বিপক্ষে বাজে পারফরম্যান্সে ছন্দপতন ঘটে তাদের। ন্যু ক্যাম্পে কাদিজের কাছে হার। সোসিয়েদাদের মাঠে গিয়ে জিতলেও আবার হেরেছে ন্যু ক্যাম্পে। এবার রায়ো ভায়োকানোর কাছে (১-০)। বার্সেলোনার হারে লাভ হয়েছে রিয়াল মাদ্রিদের। পরের ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত তাদের।
এই হারে ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্টে দুইয়ে বার্সা। তাদের সমান পয়েন্টে তিনে সেভিয়া। কোচ জাভির কণ্ঠেও শঙ্কা ফুটেছে, ‘চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ে নিজেদের জটিল অবস্থায় ফেলে দিলাম নিজেরাই। আমি জানি, দ্বিতীয় স্থানের জন্য লড়াই করা সমর্থক ও ফুটবলারদের জন্য খুব প্রেরণাদায়ক কিছু নয়। তবে আমাদের চ্যাম্পিয়নস লিগে থাকতে হবে। পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ওই মিউজিক আমরা শুনতে চাই।’