মাদারীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ভিজিএফের ১০ কেজি করে চালের বরাদ্দ কম আসায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা প্রতিবাদ জানিয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে এক প্রতিবাদ সভা করেন তারা।
প্রতিবাদ সভায় মাদারীপুর জেলা ইউপি চেয়ারম্যানদের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম বলেন, গত বছর ঈদের সময় সদর উপজেলায় বরাদ্দ আসে ১৯ হাজার ৭৩৯টি দুস্থ পরিবারের জন্য। কিন্তু এই বছর ঈদ উপলক্ষে সেই বরাদ্দ এসেছে ২ হাজার ১৫২টি। যার ফলে ভিজিএফের চাল গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন ১৫টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। প্রতিটি ইউনিয়নে গড়ে মাত্র ৯০ থেকে ১৫০টি ভিজিএফের চাল বরাদ্দ এসেছে, যা গতবারের চেয়ে খুবই সামান্য। এ নিয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন, সরকারের জরিপ মতে মাদারীপুর জেলা ধনীর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকায় বরাদ্দ কম এসেছে।
সাখাওয়াত হোসেন সাংবাদিকদের উদ্দেশে বলেন, বাস্তবে আপনারা সাংবাদিকরা মাঠ পর্যায়ে গিয়ে জরিপ করে দেখেন কতজন গরিব গত এক বছরে ধনী হয়েছে।