কুষ্টিয়ার কুমারখালীর জিরাপীতলা এলাকায় গড়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মীম (১৩) নামে এক স্কুলছাত্রী ও চামেলী খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ সম্পর্কে ওই ছাত্রীর খালা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। চামেলী খাতুন উপজেলার সদকী ইউনিয়নের মূলগ্রামের গাফফার মোল্লার মেয়ে। আর মীম গাফফার মোল্লার নাতনি ও খোকসা দুধরাজপুর গ্রামের মাসুদ রানার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা ৩টার দিকে মীম তার খালা চামেলীর সঙ্গে গড়াই নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ মীমকে পানিতে ডুবে যেতে দেখে চামেলী তাকে ধরতে যায়। কিন্তু সেখানে নদীর গভীরতা বেশি হওয়ায় দুজনই পানিতে তলিয়ে যায়।
কুমারখালী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সঙ্গে যুক্ত হয়ে ঘটনার প্রায় তিন ঘণ্টা পর মীমের লাশ উদ্ধার করতে সমর্থ হয়। তার প্রায় আধঘণ্টা পর চামেলী খাতুনের লাশ উদ্ধার হয়।