সীমাহীন আর্থিক সংকট থেকে বাঁচতে এবার শ্রীলঙ্কা ‘গোল্ডেন ভিসা’ নামের দীর্ঘমেয়াদি ভিসা বিক্রি করার ঘোষণা দিয়েছে। বিদেশি যারা শ্রীলঙ্কার কোনো ব্যাংকে অন্তত ১ লাখ ডলার জমা রাখবে তাদের আগামী ১০ বছরের জন্য থাকা ও কাজ করার অনুমতি দেওয়া হবে। শ্রীলঙ্কা সরকারের এ স্কিমকে বলা হয় ‘গোল্ডেন প্যারাডাইস ভিসা প্রকল্প’। গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কা সরকার এমন ঘোষণা দেয় বলে জানিয়েছে এএফপি।
শ্রীলঙ্কার মিডিয়াবিষয়ক মন্ত্রী নালাকা গোদাহেয়া কলম্বোতে সাংবাদিকদের বলেন, ‘স্বাধীনতার পর এই প্রথম চরম আর্থিক দুর্দশার শিকার হওয়া শ্রীলঙ্কার জন্য এ স্কিম কিছুটা হলেও সুবিধা নিয়ে আসবে।’ স্থানীয় ব্যাংকে বিদেশিদের একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ১ লাখ ডলার জমা রাখতে হবে। তবে এ সময়সীমা কতদিন পর্যন্ত তা নির্দিষ্ট করে জানাননি নালাকা। গোল্ডেন ভিসা স্কিম ছাড়াও শ্রীলঙ্কা সরকার পাঁচ বছরমেয়াদি ভিসা প্রকল্পও চালু করেছে বিদেশিদের জন্য। এ স্কিমের আওতায় বিদেশিরা ৭৫ হাজার ডলারের বিনিময়ে শ্রীলঙ্কায় একটি অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। ক্রয়কৃত অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়া যাবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানতে পারেনি এএফপি।
রাজধানী কলম্বোতে এখন প্রতিদিনই সরকারবিরোধী আন্দোলন হচ্ছে। সম্প্রতি কয়েক হাজার শিক্ষার্থী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সরকারি বাসভবন ঘিরে রাখে তার পদত্যাগ দাবিতে। রাজনৈতিক সংকটের মধ্যেও সরকার চেষ্টা করছে বিদেশি অর্থ সহায়তা পাওয়ার জন্য। চীনের পক্ষ থেকে নতুন করে ঋণ দেওয়ার কথা বলা হলেও, সেখানে বেশ কিছু শর্ত রয়েছে। শ্রীলঙ্কার সরকার এখন সেই শর্ত মানার মতো অবস্থায় রয়েছে বলে মনে করছেন না বিশ্লেষকরা।
দেশটির বিরোধীরা অনেকদিন ধরেই শ্রীলঙ্কার সংবিধান সংস্কারের দাবি জানিয়ে আসছিল। এবার আর্থিক সংকটে সেই দাবি আরও জোরালো হয়েছে। পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও সংস্কারেরও দাবি জানাচ্ছে বিরোধীরা। প্রেসিডেন্ট গোতাবায়া ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সরকার সংবিধান সংস্কারের কথা বললেও, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে মুখ খুলছে না। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংস্কার আনতে রাজাপাকসে পরিবার আর ক্ষমতায় থাকতে পারবে না।
করোনাভাইরাস মহামারী থেকেই মূলত শ্রীলঙ্কার সংকট শুরু। টানা দুই বছর পর্যটননির্ভর শ্রীলঙ্কার অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। এর মধ্যে আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের তাগিদে জৈব কৃষিতে ফেরার যে চেষ্টা হাতে নিয়েছে, তাতেও কোণঠাসা হয়ে পড়েছে দেশটি।