ঝিনাইদহে বড় ভাইকে ছুরিকাঘাত করে হত্যায় ছোট ভাই গ্রেপ্তার

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই ফজলুর রহমানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছোট ভাই হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ জানান, ভাই হত্যার প্রধান আসামি হাফিজুর রহমান যশোর থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেসময় যশোরের কোতোয়ালি থানা এলাকার একটি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের ফজলুর রহমানের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে উভয়ের মাঝে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ছোট ভাই হাফিজুর রহমান তার বড় ভাইয়ের বুকে ছুরিকাঘাত করে। এতে ফজলুর রহমান গুরুতর আহত হলে তাকে উদ্ধার যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার ছেলে আসাদুজ্জামান টিপু বাদী হয়ে ২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।