ঈদে দর্শক মাতাতে আসছে ‘শান’

ঈদুল ফিতরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জনপ্রিয় জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘শান’। তার আগে ছবিটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট আরও একটি সুখবর দিল। ঈদের দিন দেশের পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন শহরেও মুক্তি পাচ্ছে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক এম রাহিম। পরিচালক জানান, ‘মানব পাচারের বিরুদ্ধে এ ছবির গল্প। মালয়েশিয়ার বিভিন্ন শহরে প্রচুর বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা বসবাস করেন। তাদের এ বিষয়ে সচেতনতার একটা ব্যাপার আছে। তাই মালয়েশিয়াতেও দেখানো হবে ছবিটি।’

গতকাল ‘শান’-এর মিট দ্য প্রেস অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, মালয়েশিয়ার পর  ইতালি ও অস্ট্রেলিয়াতেও মুক্তি পাবে সিনেমাটি। দেশের বাইরে সিনেমাটি পরিবেশন করছে বঙ্গজ ফিল্মস। প্রতিষ্ঠানটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো সিনেমা মালয়েশিয়াতে পরিবেশন করছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য পুত্রসন্তানের বাবা হওয়া নায়ক সিয়াম আহমেদ। ‘শান’ ছবিটি নিয়ে তিনি বরাবরই দারুণ উচ্ছ্বসিত। কারণ ছবিটি করার পেছনে তিনি অনেক পরিশ্রম করেছেন। সে কথাই উঠে এলো তার বক্তব্যে, ‘ছবিটি আমার প্রাণের খুব কাছের। অনেক ত্যাগ, সময়, পরিশ্রম আর কষ্টের গল্প আছে। দীর্ঘদিন ধরে ছবিটির কাজ করেছি। এই ছবিতে আমি এমন এক পেশার মানুষকে প্রতিনিধিত্ব করেছি যারা মানুষের সেবায় আত্মনিয়োগ করেন। ব্যক্তিগত চাওয়া-পাওয়া তাদের কাছে ঠুনকো। তারা হলেন পুলিশ বাহিনী। এই ছবিতে পুলিশ বাহিনীর সততা ও আত্মত্যাগের গল্প দেখানো হবে। এজন্য আমিও এই ছবির জন্য অন্য কাজ হাতে নিইনি। একই গেটাপে থেকেছি।’ তিনি আরও বলেন, ‘ছবির শেষ দৃশ্যটি আমার জন্য খুবই স্পেশাল। অনেক বড় সেটআপ নিয়ে অনেক খরচ করে দৃশ্যটি করা হয়েছে। আমি উৎসুক হয়ে আছি এই দৃশ্য দেখার পর দর্শকের সিটি বা হাততালি শোনার! কারণ এই দৃশ্য করতে করতে প্রথম দিনের আলো শেষ হয়ে যায়। পরের দিন আমরা আবারও কাজ শুরু করি। দৃশ্যটি যাতে সবাই মন দিয়ে করে সেজন্য আমার পক্ষ থেকে পুরো ইউনিটকে ভালো ভালো খাবার খাওয়াই। এমন অনেক ঘটনা আছে।’ 

সিয়াম বলেন, ‘শান-এর গল্পটি এতটাই শক্তিশালী যে আমাদের দৃঢ় বিশ্বাস এই ছবি দর্শকের হৃদয় স্পর্শ করবে। এমনকি গল্পটির পরে কী হলো তা আমাদের কাছে জানতে চাইবে।’ মজা করে বলেন, ‘আমি আর সিনেমার পরিচালকের এখন একই হেয়ার স্টাইল। আমরা তো শান পার্ট ২-এর কাজ শুরু করে ফেলতে যাচ্ছিলাম। সেখানে একটি আইটেম গানে একসঙ্গে হাজির হব বলে একই লুক নিয়েছি (হা হা হা)! কিন্তু কাজটি পিছিয়ে গেছে আমার সন্তান পৃথিবীতে এসেছে বলে। এখন দেখি ঈদে দর্শক কতটা গ্রহণ করে শান। এরপর না হয় পরের পার্ট শুরু করব।’

বাবা হওয়া প্রসঙ্গে সিয়াম বলেন, ‘হ্যাঁ, বাবা হয়ে গেলাম। মা ও সন্তান দুজনই সুস্থ আছে, ভালো আছে। দুই পরিবারের সবাই খুশি আমরা। যদিও সন্তান জন্মানোর দিন একটু টেনশনে ছিলাম। এখন খুব ভালো। এর চেয়ে ভালো লাগা আর কী হতে পারে? তবে এখনো ছেলের নাম প্রকাশের অনুমতি আমার কাছে নেই। পরিবারের সবাই যখন সিদ্ধান্ত নেবে তখনই সবাইকে নামটা জানাব।’ তিনি আরও বলেন, ‘যখন থেকে বাবা হওয়ার স্বপ্ন দেখছিলাম, তখন থেকেই মনে হতো মা-বাবার সঙ্গে অনেক ভুল করেছি। কারণে-অকারণে তাদের অনেক কষ্ট দিয়েছি। মা-বাবার প্রতি আরও ভালোবাসা থাকা দরকার ছিল। যখন নিজের সন্তানের মুখ দেখলাম, তখন মনে হলো, মা-বাবার সঙ্গে ছোটখাটো যে অন্যায় করেছি, সেগুলো আরও কম করা উচিত ছিল।’

ঈদে বাংলাদেশের সব সিনেপ্লেক্সসহ ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরের বড় বড় সব সিনেমা হলে ইতিমধ্যে ‘শান’ ছবিটি মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা। এম রাহিম পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের এ ছবিটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান,  হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ। ছবিটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের বিখ্যাত ফাইট ডিরেক্টর আব্বাস আলি মোঘল।