সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লায় ছেলের লাঠির আঘাতে আহত আঞ্জুয়ারা বেগম (৫৫) নামের এক মা গতকাল বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুরুতর আহত বাবা শাহ জামাল ড্রাইভার হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ ছেলে আরিফকে (৩০) আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় ধানবান্ধি মহল্লার আরিফ তার বাবা ও মাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে এবং পরে বগুড়া শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মা আঞ্জুয়ারা বেগম মারা যান। আহত বাবা শাহ জামালকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
অপরদিকে, চট্টগ্রামের সীতাকু-ে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ও অপর একজনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যবসায়ীর নাম মো. হারুন (৪৪)। তিনি উপজেলা ড্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক। আহত ব্যবসায়ীর নাম হারুনুর রশিদ (৪১)। বিকিকিনি ফ্যাশন নামের একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক তিনি। গত মঙ্গলবার রাত ৮টার একটু আগে পৌরসভার ওয়াপদা গেট এলাকায় যুবদল ক্যাডার ও কয়েকটি খুনের মামলার আসামি মো. আলী ও তার ভাই জাফরের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায় বলে দাবি করেছেন ব্যবসায়ী হারুনুর রশিদের শ্যালক জাহিদুল ইসলাম।