আইওএমকে মোমেন

জলবায়ু নিয়েও কাজ করার পরামর্শ

আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) জলবায়ু-অভিবাসন নিয়ে আরও কাজ করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বুধবার বাংলাদেশে নবনিযুক্ত আইওএম চিফ অব মিশন আবদুসাত্তর এসয়েভ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচয়পত্র পেশ করতে গেলে পররাষ্ট্রমন্ত্রী এ পরামর্শ দেন।

ড. মোমেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে চলাচল মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উপযুক্ত উপায় খুঁজে বের করা উচিত।’ পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক অতীতে কিছু আন্তর্জাতিক সংঘাতের পরিস্থিতি থেকে পালিয়ে আসা বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে সহযোগিতার জন্য আইওএমকে ধন্যবাদ জানান। নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসনের বিষয়ে গ্লোবাল কমপ্যাক্ট বাস্তবায়নসহ আন্তর্জাতিক অভিবাসন সমস্যায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন নবনিযুক্ত আইওএম চিফ অব মিশন আবদুসাত্তর এসয়েভ।

তিনি ভাসানচরে শুরু হওয়া আইওএম’র কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন এবং অগ্রাধিকার ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন হওয়া উচিত বলেও মত দেন।