ঢাকাসহ ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলায় কালবৈশাখী হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

শুক্রবার অধিদপ্তর জানায়, রাতের মধ্যে ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ বিভাগ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ওই ঝড় শুরু হতে পারে। এ সময় দেশের নয়টি জেলার নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ওই জেলাগুলোর ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত হানতে পারে।

এছাড়া, সাতটি জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। অর্থাৎ ৩৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, গোপালগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, মৌলভীবাজার, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী জেলায় এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। শনিবারও দেশের ওই এলাকাগুলো দিয়ে দিনে মৃদু দাবদাহ বয়ে যেতে পারে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দাবদাহের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। তবে দুপুরের পর বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা আছে। এতে অন্তত বিকেলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেশের উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী, দিনাজপুর, টাঙ্গাইল, নঁওগা, পাবনা, বগুড়া, ঢাকা ও সিলেট জেলার ওপর দিয়ে তীব্র মাত্রার কালবৈশাখী হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অন্যদিকে যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা ও বরিশালে ঘণ্টায় ৩৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ সময় বজ্রপাত ও বৃষ্টি হতে পারে।