‘আই লাভ ইউ’ ভক্তদের নিয়ে

রক সুপারস্টার জেমস ফিরছেন। এক যুগ পর নিজের ব্যান্ড ‘নগরবাউল’-এর গান প্রকাশ করছেন চাঁদরাতে। এই গান ও সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ। ছবি : শেখ সাদী

আই লাভ ইউ...

‘আই লাভ ইউ’ আমার নতুন গানের নাম। গানটি ভক্তদের জন্য করা, ভক্তদের নিয়ে করা। শিল্পী হিসেবে আমার ভক্ত-দর্শকদের নিয়ে আমার অনুভূতির বহিঃপ্রকাশ থাকবে এই গানে। কারণ এই গানটি শুধুই আমার মাঠের দর্শক, আমার স্টেজের শ্রোতাদের অনুরোধে করা। এক যুগ তো কম সময় নয়, এর মধ্যে কাছের মানুষজন অনেকবার অনেকভাবে বলেছে নতুন গান করার ব্যাপারে। কিন্তু এবার ভক্তদের পক্ষ থেকে রীতিমতো দাবি এসেছে আমার কাছে, নতুন গান দিতেই হবে। আমি তো তাদের জন্যই গাই, তাদের জন্য আজকের জেমস। তাদের আবদার ফেলি কী করে? এজন্যই ব্যান্ডের নতুন গান করার ব্যাপারে সিদ্ধান্ত নিই।

চাঁদরাতে...

নতুন গানটি এবারের ঈদের আগের রাত অর্থাৎ চাঁদরাতে প্রকাশ হচ্ছে বসুন্ধরা ডিজিটালে। আমার গান যেভাবে আসা উচিত সেভাবেই আসছে। অনেকে বলেছেন এতদিন নতুন গান করিনি আর যখন করলাম তখন বসুন্ধরা ডিজিটালকেই বা কেন বেছে নিলাম। এর একটাই কারণ, তারা আমাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছে। আমার গান নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও ভালো লেগেছে। এতটাই স্বাধীনতা দিয়েছে যে, আমাকে বলছে, আপনি যদি এক লাইনের গান দেন আমরা সেটাও বের করব। একজন শিল্পীকে তার শিল্পের প্রতি এতটা সম্মান প্রদর্শন করলে কাজ না করে পারা যায় না।

এক যুগ পর...

এক যুগ আসলে কোনো বিষয় নয়। নানা কারণে এক যুগ হয়ে গেছে। এমন নয় যে, এক যুগ পরেই নতুন গান আনতে চেয়েছি। এটা হতে পারত ১৩ বছর পর কিংবা অন্য যেকোনো সময়ের বিরতি। এখনই সব মিলে কাজটা হয়ে গেল। তাই সবার সামনে আনছি গানটি।

নিয়মিত গান...

বসুন্ধরা ডিজিটাল থেকে আমাকে এভাবেই স্বাধীনতা ও সম্মানের সঙ্গে আরও কয়েকটি গান করার ব্যাপারে বলেছে। আমারও ইচ্ছা তাদের সঙ্গে কাজগুলো নিয়মিত করা।

অ্যালবাম...

আমরা ক্যাসেটের সময় গানবাজনা শুরু করি। এরপর সিডি, এখন পুরোটাই অনলাইন নির্ভর হয়ে গেছে আমাদের দেশের গানের বাজার। কিন্তু আমি সত্যি অ্যালবাম খুব মিস করি। ফিজিক্যাল টাচ অ্যান্ড ফিলের একটা বিষয় আছে। একটা নস্টালজিয়া আছে। সে কথা আমাকে ভক্তরা প্রায়ই বলে। তাই আমার ইচ্ছা আছে নতুন যেকটি গান করব তা দিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম সিডি আকারে করার। এর আর একটি কারণও আছে। এখন কিন্তু বিদেশে আবারও রেকর্ড বিক্রির সংখ্যা বাড়ছে। আস্তে আস্তে আমাদের দেশেও অ্যালবাম কিংবা রেকর্ড বিক্রির প্রচলন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।