কুষ্টিয়ায় হানিফ

জনগণ বিএনপি নেতাদের কথাবার্তা আমলে নিচ্ছে না

জনগণ বিএনপি নেতাদের কথাবার্তা আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, ‘ঢাকা বার কাউন্সিলের নির্বাচনে কী হয়েছে সেটার সঙ্গে বিএনপি বেগম খালেদা জিয়ার মামলার সম্পর্ক জড়ানো এটা আসলে রাজনৈতিক কূটকৌশলের অংশ ছাড়া কিছুই নয়। সুপ্রিম কোর্টের নির্বাচন নিয়ে যে বিষয়টা হয়েছে সেটা সুপ্রিম কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীরা ভালো ব্যাখ্যা দিতে পারবেন।’

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘আমরা যতটুকু জেনেছি নির্বাচনের পরে ফল গণনার সময় কিছু বিতর্ক হয়েছিল এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোট পুনরায় গণনা করে ফল প্রকাশিত হয়েছে। এর বাইরে কোনো তথ্য জানা নেই। এর বাইরে যদি কোনো তথ্য থাকে সেটা সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি হয়তো এ ব্যাপারে ব্যাখ্যা দিতে পারবে। তবে আমরা সবসময় চেয়েছি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন হোক, সেই নির্বাচনের যে ফলাফল হোক সেটা সবাইকে মেনে নিতে।’