টাঙ্গাইলের সখীপুর পৌর যুব আন্দোলনের আহ্বায়ক মামুন তালুকদারের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকার নিজ পোলট্রি খামার থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত মামুন তালুকদার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকার ঈমান আলী তালুকদারের ছেলে এবং কৃষক শ্রমিক জনতা লীগের অঙ্গসংগঠন যুব আন্দোলনের সখীপুর পৌর শাখার আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে ঝড় শুরু হলে মামুন তার নিজের পোলট্রি খামারে যায়। এরপর আর রাতে মামুন বাড়িতে ফেরেনি। শেষমেশ পরিবারের সদস্যরা ভেবেছেন মামুন রাতে খামারেই রাত-যাপন করবে। সকালে তার বাবা খামারে গিয়ে মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, শরীরের কোথাও আঘাতের চিহ্ন না থাকলেও লোমের গোড়া দিয়ে রক্ত ঝরেছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড না হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত বলা যাবে না। লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।