টাঙ্গাইলের মধুপুরে ঝড়ে গাছ পড়ে চাপায় আব্দুল করিম (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা স্ত্রী লাইলী বেগম (৩৫) আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাদের বহন করা ভ্যান রিকশা চালক ইউসুফ আলী (৪৫) মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার রাতে ঝড়ের সময় মধুপুরের কাকরাইদ এলাকায় চলন্ত অবস্থায় ভ্যান রিকশার ওপর গাছ পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম উপজেলার জটাবাড়ী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। ভ্যান রিকশা চালক ইউসুফ আলী উপজেলার গোলাবাড়ী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে হতাহতরা শাইলবাইদ এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেমে গেলেও দ্বিতীয় দফায় প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। এ সময় কাকরাইদ পুরোনো বাজার এলাকা অতিক্রমকালে রাস্তার পাশে থাকা পুরোনো জাম গাছ ভেঙে ভ্যানের ওপর পড়ে। এ সময় ওই তিনজনই চাপা পড়েন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক স্বামীকে আব্দুল করিমকে মৃত বলে ঘোষণা করেন। স্ত্রী লাইলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পর পরই স্থানীয়দের সহযোগিতায় সড়কের ওপর পড়ে থাকা গাছ সরিয়ে নেয়া হয়। নিহতের লাশ পরিবারের পক্ষ থেকে সৎকার করা হয়েছে বলেও তিনি জানান।