মঙ্গলবার রাত থেকে ৪৮ ঘণ্টা ঢাকার একাংশে গ্যাস সঙ্কট

রক্ষণাবেক্ষণ কাজে মঙ্গলবার রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য ঢাকার পশ্চিমাংশে গ্যাসের সঙ্কট চলবে বলে জানিয়েছে তিতাস।

শনিবার তিতাসের জরুরি বার্তায় বলা হয়, গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তারা জানায়, এ সময়ে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমণ্ডি এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

তিতাস জানায়, ৫ মে বৃহস্পতিবার রাত ১০টার আগে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। 
চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর সোম কিংবা মঙ্গলবার হতে পারে। মঙ্গলবার হলে ঈদের রাতেই গ্যাসের সমস্যা পোহাতে হবে ওই সব এলাকার গৃহস্থালিগুলোতে।

ঈদের ছুটি শেষে বৃহস্পতিবারই অফিস-আদালত খুলে যাবে।