লিওনার্দো বোনুচ্চির দায়িত্ব রক্ষণভাগ সামলানো। তবে দলের প্রয়োজনে ওপরে উঠে গোলও করেন মাঝেমধ্যে। তার প্রমাণ আরেকবার দিলেন ইতালিয়ান সেন্টার-ব্যাক।
১ মে বোনুচ্চির জন্মদিন। নিজের ৩৫তম জন্মদিনে দুই গোল করে জুভেন্টাসকে রোমাঞ্চকর জয় এনে দিলেন তিনি। বোনুচ্চির জোড়া গোলে সিরি’আয় অবনমন অঞ্চলে থাকা ভেনেজিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে জুভরা।
চলতি মৌসুমের শিরোপার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার ও এসি মিলানের মধ্যে। তার মধ্যে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির লড়াই সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা।
সেই লক্ষ্যে ঘরের মাঠ তুরিনে ভেনেজিয়াকে আতিথেয়তা দেয় জুভরা। ম্যাচের মাত্র সপ্তম মিনিটে এগিয়ে যায় ইতালিয়ান জায়ান্টরা। ডিফেন্ডার মাথ্যিস ডি লিটের ফ্রি-কিক থেকে হেডে জাল খুঁজে নেন বোনুচ্চি।
তবে দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ দেয় ভেনেজিয়া। ৭১তম মিনিটে জুভদের জাল খুঁজে নেন মাত্তিয়া আরামু। এর পাঁচ মিনিট পর কর্নার থেকে জটলার ভেতর বল পেয়ে ফের বল জালে পাঠিয়ে তুরিনের বুড়ির নায়ক হয়ে ওঠেন বোনুচ্চি।
এই জয়ে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে চারে আছে জুভেন্টাস। ৩৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার শেষে ভেনেজিয়া।