নারায়ণগঞ্জে স্বামীর যৌতুক মামলায় সাবেক স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক মামলায় সাবেক স্ত্রী শিল্পি বেগমকে (২৮) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। 

রোববার (১ মে) সকালে তাকে ওয়াপদারপুলের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

শিল্পি রংপুর জেলার নিলফামারি থানার রাজু মিয়ার মেয়ে। তারা ফতুল্লা থানার ওয়াপদারপুল এলাকায় বসবাস করেন। সে ফকিরা গার্মেন্টসে চাকরি করেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে শিল্পি বেগমের স্বামী রাসেল মিয়ার দায়ের করা যৌতুক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ১০টার দিকে ওয়াপদারপুল এলাকায় অভিযান চালায় শিল্পি বেগমকে গ্রেপ্তার করে দুপুরেই তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়।

শিল্পি বেগম জানান, ২০১৩ সালে পারিবারিক সম্মতিক্রমে তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে স্বামী তাকে শারিরীকভাবে নির্যাতন করতেন। এ কারণে ছয় বছর ধরে তিনি বাবার বাসায় বসবাস করছেন। বছর দুয়েক আগে স্বামীকে তিনি তালাক দেন। তাদের সংসার জীবনে ছোয়াদ (৭) নামক এক পুত্র সন্তান রয়েছে।