আগুনে পুড়ল সিলেট হকার্স মার্কেটের ২০ থেকে ২৫টি দোকান

সিলেটের লালদীঘির হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ থেকে ২৫টি দোকান পুড়ে গেছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দিবাগত রাত তিনটার দিকে হঠাৎ মার্কেটের ৫ নম্বর গলির একটি দোকানে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু, মার্ক সরু গলি থাকায় ক্রমেই আগুনের পরিধি বাড়তে থাকে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম ভূঞা বলেন, মার্কেটের ১০৩৫টি দোকানের মধ্যে ২০ থেকে ২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি।

সিলেটসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।