চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর জন্মদিন আজ। এবারের জন্মদিনটা তার কাছে খুবই স্পেশাল। কারণ এবার তিনি মেয়ে ইলহামকে নিয়ে তার ৪৯তম জন্মদিনের কেক কেটেছেন।
বাবা হিসেবে এটি তার প্রথম জন্মদিন। মেয়েকে কোলে নিয়েই রবিবার দিবাগত রাত ১২টায় জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটেন গুণী এই নির্মাতা।
জন্মদিনে মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন।
যেখানে দুটি কেকের মধ্যে একটিতে লেখা, ‘লাভ ফর পাপা, ফ্রম ইলহাম’। মেয়ে ইলহামের পক্ষ থেকে পাওয়া কেকটি দেখে আবেগে আপ্লুত গুণী এই নির্মাতা।
ফারুকী তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘এবারের জন্মদিন খুবই স্পেশাল- ইলহামের কারণে বটেই। তাই কিছুদিন আগেও অনুমান করার চেষ্টা করছিলাম এবার তিশা আমার জন্মদিনে কি সারপ্রাইজ দিতে পারে। কিন্তু এই কয়দিনে পরিবারের একাধিক সদস্য হাসাপাতালে থাকাতে জন্মদিন নিয়ে আগ্রহ কমে গেছিলো।
তিনি বলেন, ‘তারপরও বাসায় ঢুকতেই দেখি সারপ্রাইজ ঠিকই আছে। ইলহামের পক্ষ থেকে তার বাবার জন্য একটা জুয়েলারি এবং কেক হাজির। ইলহামের মায়ের পক্ষ থেকে তো কিছু আছেই। কিন্তু কেকের উপর ইলহামের নামটা পড়তেই চোখ ভিজে গেলো। এবং আরো মন ভালো হয়ে গেলো তিশার তোলা আমার আর ইলহামের এই ছবিটা দেখে। বাবার ছবি তোলার নেশা থাকলে যা হয় আর কি। আমার ক্যামেরা ভর্তি শুধু ইলহাম আর তার মায়ের ছবি। তিশা তাই আজকে বকা দিয়ে বললো তোমার আর ইলহামের একটাও ছবি নাই। আসো তুলি।’
ফারুকী ১৯৭৩ সালের ২ মে ঢাকার নাখালপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন।